রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে এক-দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে প্রচার করা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে—এমন ধারণা দেওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় কোনো স্থানে ককটেল বিস্ফোরণ কিংবা বিজনেস ফ্যাকাল্টির গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটি বলা যায় না। একইভাবে গভীর রাতে বা ভোরে পরিত্যক্ত অবস্থায় থাকা এক-দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার প্রমাণ নয়।
তিনি আরও বলেন, দু-একটি প্রতীকী ঘটনা সামনে এনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন মূল্যায়ন করা যুক্তিসংগত নয়।
তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ওই শক্তির সহযোগীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব তৎপরতায় সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বাইরে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন, সেসব বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের শনাক্তে অনুসন্ধান চলছে।
এ সময় বিরোধীদলীয় নেতার উত্থাপিত আরেকটি অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দলত্যাগের পরামর্শ দেওয়ার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত তথ্য দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে অথবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারসহ সবাই অঙ্গীকারবদ্ধ।

