ইসরায়েলি বিধিনিষেধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাখ লাখ শিশু নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে শীতের প্রথম শক্তিশালী ঝড়ে এক দিনেই ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজার হাজার পরিবার।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু এখনো নিরাপদ ও স্থায়ী আশ্রয় পাচ্ছে না। ছেঁড়া তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থেকেই তাদের টানা চতুর্থ শীত পার করতে হচ্ছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে অনেক পরিবার আবর্জনা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুড়িয়ে আগুন জ্বালাচ্ছে। কিন্তু শীত ও বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবুতে পানি ঢুকে যায়। একই সঙ্গে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনার দেয়ালও ধসে পড়ে। এ ছাড়া রোববার (৮ নভেম্বর) রাতে দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
প্যালেস্টাইন শেল্টার ক্লাস্টারের সাম্প্রতিক মূল্যায়নের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানায়, গাজার প্রায় ৫৮ শতাংশ মানুষ, অর্থাৎ ১২ লাখ বাসিন্দা বর্তমানে আশ্রয়সংকটের গুরুতর পরিস্থিতিতে রয়েছেন। তাদের মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু।
সংস্থাটির অভিযোগ, এক বছরেরও বেশি আগে ঘোষিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে দীর্ঘস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ক্যারাভান প্রবেশের কথা থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার তা আটকে দিয়েছে। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে অস্থায়ী তাঁবুতেই বসবাস করতে হচ্ছে।
এদিকে আশ্রয়কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে করা জরিপে ভয়াবহ চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পরিবার জানিয়েছে, রান্নার জন্য প্লাস্টিক, পুরোনো টায়ার, আবর্জনা ও কার্ডবোর্ড পোড়াতে হচ্ছে। অন্যদিকে ৮৪ শতাংশ পরিবারের আশ্রয়কেন্দ্রে তাপের কোনো ব্যবস্থা নেই।
বিশেষজ্ঞদের মতে, এসব বর্জ্য পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে শ্বাসকষ্ট, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, অগ্নিকাণ্ড ও দগ্ধ হওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তাঁবু, ত্রিপল, প্লাস্টিকের চাদর, কম্বল, জ্বালানি, রান্নার গ্যাস এবং আশ্রয়কেন্দ্র মেরামতের নির্মাণসামগ্রী গাজায় প্রবেশেও বিধিনিষেধ রয়েছে। গত বছর উপত্যকাটিতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেন্দি বলেন, গাজার শিশুদের দুর্ভোগ শুধু প্রতিকূল আবহাওয়ার কারণে হচ্ছে না। প্রয়োজনীয় তাঁবু, আশ্রয় উপকরণ ও জ্বালানি সীমান্তে আটকে থাকায় শিশুদের বন্যার পানির মধ্যেই রাত কাটাতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে গাজার শিশুদের। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবন ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

