ইরানের হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।
অন্য জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি। তাদের দাবি, একপর্যায়ে ট্যাংকারটি আগুনের কবলে পড়ে। তবে এ ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমের আগে ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে জাহাজ দুটিকে প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় আগুনে জ্বলতে দেখা যায়।
তবে ট্যাংকার দুটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরান। একই সঙ্গে হতাহতের সংখ্যা এবং জাহাজে থাকা নাবিকদের বর্তমান অবস্থাও নিশ্চিত করা হয়নি। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে অনুমোদনহীন নৌপথে জাহাজ চলাচলের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। তাদের ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর সহায়তা নিয়ে নিষিদ্ধ পথে চলাচলের চেষ্টা করলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে জাহাজগুলো।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

