পলায়ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: কর্মস্থল থেকে পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই অভিযোগের ধারাবাহিকতায় একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, ২-এপিবিএনের সাবেক এএসপি আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত হন। পরে তাঁকে বিধি অনুযায়ী নোটিশ দেওয়া হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বিভাগীয় তদন্তে কর্মস্থল থেকে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এ সময় তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মস্থল থেকে অনুপস্থিত হওয়ার দিন থেকেই এ শাস্তি কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাকি কর্মকর্তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় বিধি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের চাকরি থেকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সর্বশেষ