‘আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের প্রতিবাদ ও হট্টগোলের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাধা দিচ্ছেন। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে বিব্রত ও ব্যর্থ করার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের আচরণ অসহনীয়। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে শুরু করলেই বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ ও হইচই শুরু করেন। তিনি এ আচরণকে পরিকল্পিত বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁনের অভিযোগ, বিএনপি সরকার আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড দমনে কাজ করছে। কিন্তু জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে ভালো নয়। তাঁর ভাষায়, ‘আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি।’

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের দায় সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরে জামায়াত-এনসিপি রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা না দিয়ে তারা বরং সরকারকে দুর্বল করার অবস্থান নিয়েছে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা

ফেসবুক পোস্টে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, জামায়াত জাতীয় পার্টির মতো রাজনৈতিক ফাঁদে পড়েছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান থেকে সরে এসে দলটি বিএনপি সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টায় নেমেছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ রাজনৈতিক প্রচেষ্টা সফল হবে না।

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে উত্তেজনা

রাশেদ খাঁনের এ বক্তব্যের সূত্রপাত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা। অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরেন।

নাহিদ ইসলামের অভিযোগ, বুধবার দিবাগত রাতে ওই বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি চারটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটানো হয়। তিনি এ ঘটনায় পুলিশের তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংসদে বক্তব্য দিতে দাঁড়ালে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। প্রাথমিক তদন্তে পেট্রোলবোমা হামলার প্রমাণ মেলেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলে সংসদে উত্তেজনা আরও বাড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যা উঠে আসে

সংসদে সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে নুসরাত তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং ও মিটার পরীক্ষা করা হয়। স্থানীয়দের সাক্ষ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে পেট্রোলবোমা হামলা হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। এ সময় তিনি তদন্তের তথ্য-উপাত্ত ও ছবি দেখিয়ে বক্তব্য দিতে গেলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন।

একপর্যায়ে হট্টগোলের মধ্যে বক্তব্য থামিয়ে সালাহউদ্দিন আহমদ বিরোধী সদস্যদের উদ্দেশে বলেন, তাঁরা চাইলে তিনি বক্তব্য বন্ধ করতে পারেন। তবে তাঁর বক্তব্য শোনার অনুরোধ জানান। পাশাপাশি স্পিকারের অনুমতি নিয়ে পরে তাঁর বক্তব্যের প্রতিবাদ বা খণ্ডন করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিরোধী দলের অভিযোগ এবং সরকারের প্রাথমিক তদন্তের বক্তব্যের মধ্যেই রাশেদ খাঁনের এই ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সর্বশেষ