রায়পুরে নিস্ক্রিয় করা হলো শক্তিশালী ১১টি আইইডি বোমা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে লুকিয়ে রাখা ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার সদস্যের একটি দল এ কার্যক্রম পরিচালনা করে। দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সার।

- Advertisement -

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে জানান, দুটি দুধের কৌটার ভেতরে ছোট-বড় মোট ১১টি আইইডি রাখা ছিল। পরে সেগুলো দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি ফাঁকা মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানে মাটির গর্ত থেকে দুধের দুটি কৌটা উদ্ধার করা হয়। কৌটা দুটিতে বোমা থাকতে পারে—এমন সন্দেহে বাড়িটিতে কয়েক দিন ধরে পুলিশি পাহারা বসানো হয়।

বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার সকালে বিশেষ সতর্কতার সঙ্গে কৌটা দুটি খুলে একে একে ১১টি বিস্ফোরক ডিভাইস বের করা হয়। পরে সেগুলো কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের বাচ্চু বেপারীর খেয়াঘাটসংলগ্ন একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ডিভাইসগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় উদ্ধারস্থল ও বিস্ফোরণস্থলে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।

এ ঘটনায় বাড়িটির ভাড়াটিয়া সাইফুল ইসলাম সুজনকে ঘিরে তদন্ত করছে পুলিশ। তিনি প্রায় দুই মাস ধরে আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩ নভেম্বর খাসেরহাট বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনির পর স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

ওসি নিজাম উদ্দিন ভূঁঞা জানান, গত সোমবার সাইফুলের ভাড়া নেওয়া ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। উদ্ধার হওয়া বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ