নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখার প্রাথমিক ধারণা তুলে ধরায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বাড়িটিকে পরিত্যক্ত উল্লেখ করা এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলায় তিনি প্রশ্ন তুলেছেন, হামলার ঘটনাকে কেন ছোট করে দেখাতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই দিন জাতীয় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদে সালাহউদ্দিন আহমদ বলেন, বাড়িটিতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক সংযোগের পুরোনো তার থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করে নুসরাত তাবাসসুম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, শিশু সন্তানসহ ছয় থেকে সাতজন মানুষ এবং একাধিক গবাদিপশু বসবাস করতেন ওই বাড়িতে। এমন একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাঁর অভিযোগ, পেট্রলের পোড়া গন্ধে ভরা ধ্বংসস্তূপকে শর্টসার্কিটের ফল হিসেবে তুলে ধরা হচ্ছে।
পোস্টে তিনি আরও লেখেন, তাঁর বিশ্বাস, এ হামলার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখাতে চাইছেন, সেই প্রশ্ন তোলেন তিনি। নিজের বাড়িকে পরিত্যক্ত বলা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও পরিত্যক্ত কি না, তা নিয়েও কটাক্ষ করেন এই সংসদ সদস্য।
এদিকে, বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সংসদ সদস্যের প্রতিক্রিয়া এবং দায়ের করা মামলার পর বাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

