সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন এবং ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের একটি প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

আন্দালিব রহমান বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। প্রস্তাবিত সংশোধনীতে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও পেতে পারে প্রতিষ্ঠানটি।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। মিথ্যা, হয়রানিমূলক কিংবা সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী প্রতিবেদন প্রকাশের বিষয়ও এর আওতায় আসবে।

এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন, গুজব, ভুয়া খবর বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সংবাদপত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে পারবে। প্রয়োজনীয় আদেশ জারি ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়ার প্রস্তাব রয়েছে সংশোধনীতে।

অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।

তিনি জানান, সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। কে সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাবের কাজ সাংবাদিক সংগঠনগুলোর জন্য উপযুক্ত বলে মনে করে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, কে কোন পেশায় প্রবেশ করবেন বা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ