আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে সেনা, সামরিক সরঞ্জাম ও অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত মোতায়েন করতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি অনুযায়ী এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার সম্পূর্ণ ও আপসহীন। বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইসলামাবাদ প্রস্তুত।
আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানের সেনাসদস্যরা ইতিমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে তাঁরা অংশ নিচ্ছেন। প্রয়োজন হলে সেনা মোতায়েনের পাশাপাশি সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও রসদ সহায়তাও বাড়ানো হবে।
তিনি বলেন, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সামরিক প্রস্তুতি বাড়ানো, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় উন্নত করা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার সক্ষমতাও বাড়ানো হবে। তবে সম্ভাব্য সেনা মোতায়েনের সংখ্যা, স্থান ও অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলার নিন্দা জানান পাকিস্তানের এই সামরিক মুখপাত্র। তাঁর ভাষায়, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে। সৌদি আরব ও পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠক নিয়েও কথা বলেন চৌধুরী। তিনি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সহযোগিতা বাড়ানোই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য। এতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেন। আলোচনায় চার দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য হয়।
সৌদি আরব-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, দ্বিপক্ষীয় চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ভিত্তি। অন্যদিকে, তিন দেশের জোটের আওতায় সম্মিলিত প্রতিরক্ষা, যৌথ সামরিক প্রস্তুতি ও সমন্বয়ের ব্যবস্থা রয়েছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্রের দাবি, দুই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যই নিরাপত্তা নিশ্চিত করা। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া এসব উদ্যোগের উদ্দেশ্য নয়।
সূত্র: আশারক আল-আওসাত

