আসন্ন মহান বিজয় দিবস উদ্যাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে জোরদার করা হবে নিরাপত্তা।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও যানবাহন চলাচল ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদে স্মৃতিসৌধে যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করতে স্মৃতিসৌধের ভেতরে ও প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সিসিটিভি এবং আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করা হবে।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশি করা হবে। একই সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
বিজয় দিবসের কর্মসূচি ঘিরে যানজট নিয়ন্ত্রণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতের প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে পর্যাপ্ত জনবল ও অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে নেওয়া এসব প্রস্তুতির লক্ষ্য, মহান বিজয় দিবসের সব কর্মসূচি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

