নিজস্ব প্রতিবেদক : বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। এ জন্য তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের টিকিটও সংগ্রহ করেছিলেন। পরে ইমিগ্রেশন কাউন্টারে ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং গ্রেপ্তারের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

