নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে ১৫০ টন সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ বস্তা গম উদ্ধার করা হয়। এ সময় জাহাজে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা জাহাজটির নাম এমভি সূর্যবানু ১১। এটি মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাগেরহাটের মোংলার হারবারিয়া এলাকা থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে সেটি রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় রাখা ১৫০ টন গম উদ্ধার এবং জাহাজটি জব্দ করা হয়। একই সঙ্গে জাহাজে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের মো. হায়াতুল ইসলাম ও জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালিদ হাসান।
উদ্ধার করা সরকারি গম কোথা থেকে কীভাবে জাহাজে তোলা হয়েছিল, কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় ও সরবরাহব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

