রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক যুবলীগ নেতাকে আটক করে ফল ও পনির খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
আটক যুবলীগ নেতার নাম রহমতুল্লাহ। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছেন রবিউল ইসলাম নয়ন। তাঁর অনুসারীরা চকবাজার এলাকা থেকে রহমতুল্লাহকে আটক করেন। পরে পুলিশের কাছে হস্তান্তরের আগে তাঁকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পনির ও ফল খেতে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন নয়ন। পোস্টে তিনি দাবি করেন, রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন খবর পেয়ে তিনি অনুসারীদের নিয়ে সেখানে যান এবং তাঁকে হাতেনাতে আটক করেন। আটকের পর তাঁর সঙ্গে কথা বলেন এবং নাশকতার চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে নয়ন আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাঁদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আটক ব্যক্তিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও নাকচ করেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছিলেন রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। পুলিশের কাছে দেওয়ার আগে তাঁকে সেদ্ধ ডিম ও কফি খাওয়ানো হয় বলে জানা গেছে।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটকের পর খাবার খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।

