শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও কর্মমুখী দক্ষতার অভাবে দেশে বেকারত্ব কমছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার প্রচলিত ধারায় পরিবর্তন এনে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর শিক্ষিত ও সনদধারী মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্বের সমস্যা থেকেই যাবে। শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় ঘটানো এখন সময়ের দাবি।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও ফাইভজি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে নতুনভাবে সাজাচ্ছে। এসব প্রযুক্তির প্রভাবে কিছু প্রচলিত পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকি থাকলেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান চালু করতে হবে। শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থার উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
শিক্ষার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ের ওপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন প্রয়োজন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষরা দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন অধ্যক্ষ কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তিনি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে একাডেমিক নেতৃত্ব দেন। তাঁদের মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।
শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে সম্পৃক্ত করে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। শিক্ষা খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ, পদক্ষেপ নির্ধারণ এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তর করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। তাই শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মক্ষেত্রে অবদান রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে।

