মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের স্কুল ও বৌদ্ধমঠে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুসহ কয়েকজন শিক্ষার্থী এবং বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী পক্ষের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
স্থানীয় সূত্র ও এনইউজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধমঠের চত্বরে হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল।
এনইউজি এবং বিরোধীদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তর্বর্তী মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।
এনইউজির মুখপাত্র নে ফোন লাত এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিমান হামলা ও গোলাবর্ষণে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর নয় যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বেসামরিকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় ওই প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় গ্রামটিতে কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামের ভেতর দিয়ে যাতায়াত করতেন। ফলে স্কুল ও মঠে হামলার সময় সেখানে বড় ধরনের কোনো লড়াই চলছিল না বলে দাবি করেন তিনি।
তবে সামরিক জান্তার সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, বিদ্রোহী বাহিনীর সদস্যদের একটি সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এনইউজির সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটির সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
মাগওয়ের হামলাকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য হামলার আলামত ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
বিবৃতিতে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে সামরিক জান্তা ও জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই সংঘাতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত অপরাধের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান গণহত্যা মামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাটি দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স

