মাদারীপুরে বিএনপির ক্যাম্পে আগুন, পুড়ল ৫০ মোটরসাইকেল; আটক ৯

মাদারীপুর প্রতিনিধি:
spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মাদারীপুরে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। জেলার শিবচরে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। একই ঘটনায় পুড়ে গেছে প্রায় ৫০টি মোটরসাইকেল। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে নয় তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ও পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এসব ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে নয় তরুণকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর পদ্মা সেতুর দক্ষিণ পাশে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পের পাশে থাকা প্রায় অর্ধশত মোটরসাইকেল পুড়ে যায়। পাশের একটি রেস্তোরাঁও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সকাল থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান করায় চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেকে ওই এলাকা ছেড়ে অন্যত্র সরে যান।

অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। লকডাউনের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় প্রকাশ পেয়েছে। দেশের মানুষ তাদের এ আন্দোলন মেনে নেবে না। সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দল সর্বাত্মকভাবে মাঠে থাকবে।

এদিকে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, এসআরবি ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ