কুষ্টিয়ায় এক রাতেই দুটি পৃথক স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলার একটি গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তবে এসব ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে।
জেলা জজের নাজির মিজানুর রহমানের ভাষ্য অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সময় বাসভবনের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের শব্দ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
একই রাতে জেলার মিরপুর উপজেলাতেও ককটেল হামলার ঘটনা ঘটে। উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও সর্বশেষ দুটি হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক রাতের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনায় জেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

