ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় প্রান্ত তালুকদার (২০) নামে গোপালগঞ্জের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। তিনি একসময় গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা বিজিবি এ তথ্য জানায়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ২০২৫ সালে প্রান্ত তালুকদার গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পান। পরে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
বিজিবির অধিনায়ক আরও জানান, চলতি বছরের ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় প্রান্ত তালুকদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর গত ২৬ নভেম্বর তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করছিলেন। পরে শনিবার অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।
আটকের পর প্রান্ত তালুকদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

