বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ নির্মাণ করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুক্রবার বিএনপির পক্ষ থেকে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় নির্ধারিত স্থানে সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজভী জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের সামনের অংশ পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ করে রাখা হবে।

বিএনপির এই নেতা আরও জানান, মহান বিজয়ের মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ১ ডিসেম্বরের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে এই সমাবেশের মধ্য দিয়ে। দলীয় কার্যালয়ের সামনের সড়কেই এবার আয়োজন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

সর্বশেষ