জাজিরায় সংঘর্ষে দুজনের মৃত্যু, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ঘটনায় বিস্তারিত তদন্ত এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেছেন।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে।

তিনি বলেন, অনেক লোক পদ্মা সেতু এলাকায় জড়ো হয়ে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও বিস্তারিত তদন্ত না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য ও কৌশলের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।

তবে বাহিনীর সদস্য মোতায়েন ও সতর্ক অবস্থানকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার মধ্যে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তাঁর মতে, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

উল্লেখ্য, ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রাথমিক বক্তব্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ