সীতাকুণ্ডে ৩ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক, রাঙামাটিতে সরঞ্জাম উদ্ধার

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, একটি চক্র জাল নোট বিক্রির উদ্দেশ্যে ভাটিয়ারী বাজারে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফজলু জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙামাটি জেলার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে তথ্য দেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। বাসাটির মালিক নুরুল আলম। সেখান থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

আটক ফরহাদুল ইসলাম ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মো. গিয়াস উদ্দিন হায়দারের ছেলে। উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ