নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ঢাকা মহানগর পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, যানবাহন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অভিযানের ঘটনায় বিভিন্ন থানায় ৬৯টি মামলা করা হয়েছে।
ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ এবং গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম ইউনিট সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, উত্তরা বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫১ জন এবং ওয়ারী বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রমনা ও লালবাগ বিভাগ থেকে ৩২ জন করে মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষায়িত ইউনিটের মধ্যে গোয়েন্দা শাখার অভিযানে সাতজন এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা ও ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি ধারালো ছুরি, একটি ক্ষুর বা কাটার, অপরাধে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। অভিযানে নগদ ২০০ টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা আলামতও জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধ, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৯টি মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপদ নগরী গড়ে তুলতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।




