নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। জনগণের দুর্ভোগ নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল হবে। দেশের তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, গণভোটে দেওয়া জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি।
দলীয়করণ বন্ধসহ এসব দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।




