বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।
মহড়ার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও operational সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি দুই দেশের বিমানবাহিনীর সদস্যদের মধ্যে অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি করা।
পাঁচ দিনের এ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, উড্ডয়ন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন এবং বিমানঘাঁটির নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা হবে। এ ছাড়া বিমান দুর্ঘটনা মোকাবিলায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়েও অনুশীলন করা হবে।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন সদস্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, দুই দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন বিনিময় এ মহড়ার অন্যতম লক্ষ্য। বিশেষ করে সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

