‘বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে’: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিএনপিকে জাতির জন্য ‘আপদ’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। তাই এই আপদ সরাতে হবে।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি, বাড়িঘর ভাঙচুর এবং জামায়াতের প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি কথার সঙ্গে কাজের মিল রাখছে না। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও ক্ষমতায় এসে সংবিধানের অজুহাতে জনগণকে প্রতারিত করছে।

তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার নজির বিএনপি তৈরি করেছে। এমন পরিস্থিতির পরও নির্বাচন কমিশন নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করছে বলে সমালোচনা করেন তিনি।

জামায়াতের এ নেতা আরও বলেন, আওয়ামী লীগের মতো করে দেশ পরিচালনার উদ্দেশ্যেই বিএনপি রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করছে না। জুলাই সনদ কার্যকর না হলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না এবং জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।

তার ভাষ্য, জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি, চেয়েছিল রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন। কিন্তু জুলাই বিপ্লবের পর কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। বিএনপি নেতাদের ভাগ্যের উন্নতি হলেও রাষ্ট্রব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

প্রধানমন্ত্রীকে ঘিরে সমালোচনা করে এটিএম আজহারুল বলেন, অনুগত ও সুবিধাভোগীদের নিয়ে তিনি দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। বিদেশি কোম্পানির কাছে দেশ ইজারা দিয়ে কমিশন গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অগ্রগতির জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান জামায়াতের নায়েবে আমির। আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে চলমান সংকট সমাধানে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে বিএনপি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি করেছে। তার দাবি, দুপুর ২টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট পড়লেও ফল ঘোষণার সময় ভোটের হার দেখানো হয়েছে ৬৪ শতাংশ। ভবিষ্যতে এ ধরনের কারচুপির চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও মাওলানা ইয়াসিন আরাফাতসহ অন্য নেতারা।

সর্বশেষ