নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীপথে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিম পাশে বালুর মাঠ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব সার ও কার্গো বোট জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদরঘাট নৌ পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেরঘোনা এলাকার আনজু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে সেখান (৪৫), হজরত আলীর ছেলে আবদুল হক (২৪) এবং জমিলাঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম জাহেদ (১৬)।
পুলিশ জানায়, বুধবার কর্ণফুলী নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি নজরে আসে। পরে নৌ পুলিশ সদস্যরা বোটটিতে অভিযান চালান। তল্লাশির একপর্যায়ে সেখানে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়। বস্তাগুলো গুনে মোট ৪০০ বস্তা সার জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এসব সার চট্টগ্রাম থেকে নৌপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।




