নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মোদ্যম কামনা করেন। তিনি নরেন্দ্র মোদির জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তার বিশেষ দিনটি বারবার ফিরে আসুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তায় ভারতের জনগণের প্রতি মোদির সেবার কথাও উল্লেখ করা হয়। সেখানে তার সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকার প্রত্যাশা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বার্তায় বলা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।”
নরেন্দ্র মোদি ১৭ সেপ্টেম্বর ২০২৬ তার ৭৬তম জন্মদিন পালন করেন। একই দিনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।




