মো. মোক্তার হোসেন বাবু : চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বসতঘর থেকে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়ার এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
এসআরবি জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বসতঘর থেকে শিশুটিকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী ওই কিশোর। পরে শিশুটিকে নিয়ে দ্রুত এলাকা ছাড়ে সে।
উদ্ধার হওয়া সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।
ঘটনার পর শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে এসআরবি। সংস্থাটি জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে নগরের লালখান বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আমির হোসেন নামে এক কিশোরকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার কাছ থেকে অপহৃত শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির জানায়, তার মামি দিলো আরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সে অপহরণ করেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মো. মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের ধারাবাহিকতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয় দিলো আরা বেগমকে।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামি ও হেফাজতে নেওয়া কিশোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




