বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়ল আবারও

নিজস্ব প্রতিবেদক
spot_img

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের উচ্চ সুদের হার স্বর্ণের বাজারে চাপ তৈরি করলেও চলতি মাসে সুদহার না বাড়ার সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম আবারও বেড়েছে।

- Advertisement -

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে চার হাজার ১৬৮ দশমিক ৮৯ ডলারে উঠেছে। বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সুদহার নিয়ে প্রত্যাশার পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, ট্রেজারি বন্ডের সুদের হার এবং ডলারের শক্ত অবস্থানের কারণে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমেছে। তারপরও মূল্যবান ধাতুটির দাম চার হাজার ১০০ ডলারের আশপাশে রয়েছে। ইউরোজোনের রাজনৈতিক অস্থিরতা এবং সরকারি ঋণ বৃদ্ধিকে ঘিরে উদ্বেগও বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আগ্রহ ধরে রাখতে সহায়তা করছে।

এদিকে সিএমই ফেডওয়াচ টুলের পরিসংখ্যান বলছে, চলতি অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা মাত্র ২১ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে ডিসেম্বরের বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখনো প্রায় ৭০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

তবে স্বর্ণের দাম বৃদ্ধির বিপরীতে ডলার ও ট্রেজারি বন্ডের উচ্চ সুদের হার বাজারে কিছুটা চাপ তৈরি করছে। ডলার সূচক এবং ট্রেজারি বন্ডের সুদের হার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকায় অন্যান্য মুদ্রায় লেনদেন করা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ কেনার ব্যয় বেড়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রূপার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৪৪ ডলারে উঠেছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৭১২ দশমিক ০১ ডলারে নেমেছে। একইভাবে প্যালাডিয়ামের দামও ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ১৬৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদহার, ডলারের গতিপথ এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাই আগামী দিনে স্বর্ণের বাজারের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ