পানি ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় ছাড় দেবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
spot_img

অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। তবে পানি নিয়ে আলোচনায় জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার পথেই এগোতে চায় সরকার। এ লক্ষ্যে পানি চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। দেশের মানুষের পানির অধিকার এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ বিষয়ে আলোচনার সময় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

হুমায়ুন কবির আরও বলেন, পানির অধিকার আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের সামনে শক্ত ভিত্তি রয়েছে। আন্তর্জাতিক আইন বাংলাদেশের পক্ষে রয়েছে এবং এ দাবির প্রতি দেশের জনগণেরও পূর্ণ সমর্থন রয়েছে। ফলে ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নদী ও পানির ওপর বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের নির্ভরতার বিষয়টি বিবেচনায় রেখে ভবিষ্যৎ পানি ব্যবস্থাপনায় ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিতে হবে।

সেমিনারে বাংলাদেশের পানি নিরাপত্তা, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আর অতীতের সেই ‘অন্ধকার যুগে’ ফিরে যাবে না। দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে।

সর্বশেষ