প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের সন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।

- Advertisement -

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের ঘটনার বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তারা প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রাথমিকভাবে তাদের পালিয়ে যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান ইবনে মিজান। তিনি বলেন, আশপাশের বিভিন্ন ভবন ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। তবে রাতের বেলায় দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ফুটেজ সংগ্রহ করা যায়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে প্রয়োজনীয় ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে।

নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান উপকমিশনার। তার ভাষ্য অনুযায়ী, বস্তুটি দেখতে অনেকটা পটকার মতো ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এলাকায় এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, সে বিষয়ে জানতে চাইলে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপের পর পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ বেছে নেয়।

তিনি আরও জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। ককটেল নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ