ডাম্প ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল তানজিন তিশার গাড়ি, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক
spot_img

মানিকগঞ্জে একটি পোশাকের শোরুম উদ্বোধনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তার ব্যবহৃত গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পর অনুষ্ঠান বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

- Advertisement -

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তিশার। তাকে বরণ করে নিতে আয়োজকদের প্রস্তুতিও ছিল। অভিনেত্রীকে একনজর দেখতে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু পথে দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি তার। স্থগিত করা হয় উদ্বোধনী আয়োজন।

‘গাড়িটি আমার খুব প্রিয়’

দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তানজিন তিশা বলেন, গত রাতের ঘটনা তিনি সহজে ভুলতে পারবেন না। একটি ডাম্প ট্রাকের ধাক্কায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেছে।

গাড়িটির ক্ষতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, কষ্টার্জিত অর্থ দিয়ে গাড়িটি কিনেছিলেন। তাই এ ক্ষতি মেনে নেওয়া তার জন্য সহজ নয়। তবে বড় বিপদ থেকে বেঁচে যাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিশা জানান, দুর্ঘটনায় শরীরে কিছু আঘাত পেয়েছেন। তবে বর্তমানে তিনি ভালো আছেন। তার জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করায় ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

ভক্তদের উদ্বেগ

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার ভক্ত ও অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

ছোট পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

সর্বশেষ