মো.রাকিব,চট্টগাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া একটি গাড়ি জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
চসিক সূত্র জানায়, মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকটি সাইকেল চালকদের ব্যবহারের উপযোগী রাখতে এ অভিযান চালানো হয়। ট্র্যাকটিতে অবৈধভাবে গাড়ি রাখার কারণে সাইকেল চলাচল ব্যাহত হওয়া ঠেকাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে সাইকেল চালানোর সুযোগ নিশ্চিত করা এবং ট্র্যাকের নির্ধারিত ব্যবহার বজায় রাখাই এ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সিটি করপোরেশন।
চসিক আরও জানিয়েছে, সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

