এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দরে আজ গণঅনশন

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে আজ গণঅনশনে বসছেন বন্দর শ্রমিক ও আন্দোলনকারীরা। চুক্তি সইয়ের পরও দাবি আদায় না হওয়ায় এবার অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন তাঁরা।

- Advertisement -

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এ কর্মসূচিকে ঘিরে বন্দরকেন্দ্রিক শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি সই হয়। এরপর চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এর আগে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেও দাবি আদায় না হওয়ায় গণঅনশনের সিদ্ধান্ত নেন তাঁরা।

জাতীয় স্বার্থ নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ও লাভজনক এই টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে চুক্তির শর্ত, আর্থিক প্রভাব এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো জনসমক্ষে স্পষ্ট করা হয়নি।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ, এর আর্থিক ও কারিগরি দিকের নিরপেক্ষ মূল্যায়ন এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের বক্তব্য, বিদেশি বিনিয়োগ কিংবা আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিরোধিতা তাঁদের উদ্দেশ্য নয়। বরং বন্দরের রাজস্ব আয়, নিজস্ব পরিচালন সক্ষমতা, শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল দাবি। গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা প্রয়োজন বলেও মনে করেন তাঁরা।

আলোচনার আহ্বানের পরও অনশন

আন্দোলনকারীরা এর আগে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। গত ৮ অক্টোবরের কর্মসূচি থেকে ১১ অক্টোবরের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, সমাধান না হলে ১২ অক্টোবর গণঅনশন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী আজকের কর্মসূচি পালনের কথা রয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। ওই কর্মসূচি থেকে এনসিটি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে ১৩ অক্টোবর বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণাও দেওয়া হয়েছিল।

এনসিটি ইজারা চুক্তি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর আপত্তি ও আন্দোলন অব্যাহত থাকায় বন্দরের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গণঅনশন কর্মসূচির পর আন্দোলনকারীরা পরবর্তী সময়ে কী কর্মসূচি ঘোষণা করেন, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সর্বশেষ