ভারতের বহুজাতিক আকাশ মহড়ায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ভারতের আয়োজনে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি-২৬’-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নিয়ে বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন বাংলাদেশের সদস্যরা।

- Advertisement -

বৃহৎ পরিসরের এই সামরিক মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণকে বিমানবাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, যৌথ অভিযান পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা লাভ এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে সমন্বয় সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল অংশ নেয়। পাইলট ও কারিগরি সদস্যদের পাশাপাশি দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবেও যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেয় ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। মোট আটটি দেশের বিমান ও আকাশযান মহড়ায় অংশগ্রহণ করে। পাশাপাশি ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মহড়ার কার্যক্রমে প্রথম পর্যায়ে সীমিতসংখ্যক উড়োজাহাজ নিয়ে ছোট পরিসরের অভিযান বা স্মল ফোর্স এনগেজমেন্টস (এসএফই) পরিচালনা করা হয়। পরবর্তী সময়ে এসব কার্যক্রম বিস্তৃত হয়ে বৃহৎ পরিসরের অভিযান বা লার্জ ফোর্স এনগেজমেন্টসে (এলএফই) রূপ নেয়। নেটওয়ার্কভিত্তিক পরিবেশে পরিচালিত এসব অভিযানে একসঙ্গে সর্বোচ্চ ৪০টি উড়োজাহাজ অংশ নেয়।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিকূল আকাশসীমায় জটিল সামরিক অভিযান পরিকল্পনা ও পরিচালনার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। এতে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ—বিভিআর) হুমকি এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (লং-রেঞ্জ এয়ার ডিফেন্স—এলআর-এডি) মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিও অন্তর্ভুক্ত ছিল। এসব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলো জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনা ও পারস্পরিক সমন্বয়ের অভিজ্ঞতা লাভ করে।

এর আগে বাংলাদেশ বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোপ সাউথ’ ও ‘থান্ডার লাইটনিং’-এর মতো দ্বিপক্ষীয় বিমান মহড়ায় অংশ নিয়েছে। তবে একাধিক দেশের বিমানবাহিনীর সঙ্গে বৃহৎ পরিসরে সমন্বিত অভিযানে অংশ নেওয়ার ক্ষেত্রে ‘তরঙ্গ শক্তি-২৬’ বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করেছে।

সামরিক অনুশীলনের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণকারীদের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেরও আয়োজন করা হয়। এসব আয়োজনে যোগচর্চাসহ ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী অনুশীলনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান অংশগ্রহণকারীরা। এ ছাড়া তাঁরা ভারতের প্রতিরক্ষা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন।

সামগ্রিকভাবে, ‘তরঙ্গ শক্তি-২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সামরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং বহুজাতিক পরিবেশে যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা সম্পর্কে শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ