চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন

মোঃ মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মোঃ মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী সামরিক বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরসূচি অনুযায়ী, নগরের আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রধানমন্ত্রীর বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাজশাহীর কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর আগমন ও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরের বিভিন্ন সড়কে রঙিন আলোকসজ্জা এবং সবুজের সমারোহে তৈরি হয়েছে বর্ণিল আবহ।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, জেএম সেন হলের পূজামণ্ডপে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী আসছেন। এ খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন

চট্টগ্রাম সফরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সভায় তিনি প্রধান অতিথি থাকবেন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা

প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, এ দায়িত্বে ২০ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন।

এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে।

এক দিনে উত্তরবঙ্গ ও রাজশিয়া সফর

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রংপুরে যান। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেওয়ার পাশাপাশি রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরে বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

চট্টগ্রামে নির্ধারিত কর্মসূচি শেষ করে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সর্বশেষ