অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-আকসা মসজিদের সংশ্লিষ্ট সূত্র।
জেরুজালেম গভর্নর কার্যালয়ের মিডিয়া সেল এক বিবৃতিতে শেখ খালেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে। প্রতিবেদন অনুযায়ী, নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছিল কিংবা তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, জুমার নামাজের পর শেখ খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে তাঁর মুক্তির বিষয়টি জানানো হয়। তবে সাময়িকভাবে তাঁকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শুক্রবারের খুতবায় শেখ খালেদ ফিলিস্তিনিদের নিজ ভূমিতে অবিচল থাকার বিষয়টি তুলে ধরেন। চলমান জলপাই সংগ্রহের মৌসুম নিয়েও বক্তব্য দেন তিনি। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্য নিয়েও আলোচনা করেন বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।
ঐতিহাসিক আল-আকসা মসজিদটি ফিলিস্তিনিদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদটি ঘিরে ইসরায়েলি কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে রয়েছে।

