মেট্রোরেলের প্রতিটি স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও ব্যাগ স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে। এসব সরঞ্জামের মাধ্যমে যাত্রীদের তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

- Advertisement -

ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে।

গত ১৯ অক্টোবর ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান দরপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে।

দরপত্রে অংশগ্রহণের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সহায়তা কেন্দ্র থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জামের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় ডিপোতে ব্যবহৃত নিম্ন ভোল্টেজের বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সুযোগ থাকবে।

নতুন নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাগ ও মালামাল পরীক্ষা করার ব্যবস্থা আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ