গণভোটের রায় না মানলে সরকারকে বিদায় নিতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

- Advertisement -

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ১১ দলীয় জোট আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে এবং সেখানে জনগণ যে সিদ্ধান্ত দেবে, তা মেনে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হলে জনগণই সরকারকে চিরবিদায় জানাবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট দূর করাসহ বিভিন্ন দাবি নিয়ে তাদের এ কর্মসূচি। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ পথসভাকে ঘিরে শনিবার সকাল থেকেই নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য ও কর্মসূচি শেষ করে জোটের নেতারা খুলনার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ৭টায় রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়।

জোটের নেতারা জানিয়েছেন, সাত দফা দাবি আদায়ে এ কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে জনমত গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

সর্বশেষ