গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক ভবনের ভেতরে গড়ে তোলা ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল পাগাড় এলাকার আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ওই গোপন ল্যাবের সন্ধান পায়।
গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পী স্থানীয় তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ভবনের ভেতরে ইয়াবা উৎপাদনের জন্য আলাদা করে তৈরি একটি ল্যাবরেটরি দেখতে পায় পুলিশ। পরে সেখান থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও অধ্যয়নের মাধ্যমে ইয়াবা তৈরির কৌশল শেখেন বাপ্পী। প্রায় ছয় মাস ধরে ওই ল্যাবে কার্যক্রম চালানো হলেও এখনো পুরোপুরি উৎপাদন শুরু হয়নি বলে তিনি দাবি করেছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, উদ্ধার করা রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি দিয়ে বড় পরিসরে ইয়াবা তৈরির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ মাদক উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এ কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গোপন কারখানাটির পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

