পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর নাওজোর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েক শ শ্রমিক। এ সময় সড়কের বিভিন্ন স্থানে আবর্জনায় আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাওজোর এলাকায় দিগন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনার স্তূপে আগুন জ্বলছে। শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। ফলে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় কিছু অটোরিকশা ও মোটরসাইকেলচালকের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভের মধ্যে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেন আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন। এতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহেও প্রতিবন্ধকতা তৈরি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টার পর থেকে নাওজোর এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধের কারণে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ বাড়ছে।

সর্বশেষ