হরমুজ প্রণালি ও কেশম দ্বীপের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ও গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ড্রোনগুলো ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। খবর মেহর নিউজের।
আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। এ ধরনের মার্কিন ড্রোন আটক বা ধ্বংসের সংখ্যা বেড়ে চারটিতে দাঁড়িয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এসব ড্রোন মোতায়েন করেও যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ঘটনাটিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের জন্য ব্যর্থতার তালিকায় নতুন সংযোজন বলেও উল্লেখ করেছে তারা।
এদিকে পৃথক এক বিবৃতিতে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে আরেকটি মার্কিন এমকিউ-৯ সামরিক ড্রোন ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। বাহিনীটির ভাষ্য, তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ধ্বংস হওয়া এমকিউ-৯ ড্রোনটি এ ধরনের ভূপাতিত মার্কিন ড্রোনের মধ্যে ৫৫তম। তাদের অ্যারোস্পেস ফোর্সের নতুন প্রযুক্তির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে এটি ধ্বংস করা হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে দেওয়া তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

