সামরিক শক্তিতে ইরানকে দমিয়ে রাখা যাবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষেরই লাভ হবে না এবং সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান আগ্রহী হলেও প্রতিপক্ষের অন্যায্য ও মিথ্যা শর্ত মেনে নেওয়া হবে না।

- Advertisement -

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান জানান, কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে সরকারকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা এবং স্থগিত থাকা আলোচনা পুনরায় শুরু করা সম্ভব। এ বিষয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন তিনি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি দুই দিনের একটি প্রস্তাবের কথা তুলে ধরেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর পরদিন হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা রয়েছে ইরানের।

তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেল রপ্তানিতে ছাড় পুনর্বহাল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো। তবে সোমবার পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ৩১ অক্টোবর দেশটির সর্বোচ্চ নেতা খামেনি সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের হুমকির জবাব দেওয়ার নির্দেশ দেন। এমনকি ভৌগোলিক সীমারেখার বাইরে থেকেও সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পরপরই ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য আরও সময় দিতে আগ্রহী।

সব মিলিয়ে একদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা, অন্যদিকে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি শর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।

সূত্র: শাফাক নিউজ

সর্বশেষ