নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্যটিকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই নোটিশ পাঠান।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে… জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

নোটিশে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ে। এতে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় বর্ণিত মানহানির অপরাধের শামিল।

নোটিশে প্রাপককে আগামী ১৫ দিনের মধ্যে বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে পানিসম্পদমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ