জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামছে চলতি নভেম্বরেই। ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হবে এই সিজন। শেষ অধ্যায়ে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। এমনটাই জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় সিজন শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অমি জানান, দীর্ঘদিন ধরে দর্শকদের মনে থাকা কিছু প্রত্যাশা ও চাওয়া শেষ চ্যাপ্টারে পূরণ করার চেষ্টা করা হয়েছে।
ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন নির্মাতা। সম্প্রতি দাঁত ও গলার সমস্যায় বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। এমনকি কয়েক দিন কথা বলতেও কষ্ট হয়েছে। তবে বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন অমি।
সিজনের শেষ পর্ব নিয়ে তিনি বলেন, নভেম্বর মাসেই ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভের শেষ চ্যাপ্টার প্রকাশ করা হবে। এতে এমন অনেক বিষয় থাকছে, যেগুলোর জন্য দর্শকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তাই শেষ চ্যাপ্টার দেখার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে শেষ পর্বটি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি নির্মাতা।
অমির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভিডিওটি প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রায় আট হাজার ৫০০ প্রতিক্রিয়া, পাঁচ শতাধিক মন্তব্য এবং প্রায় এক লাখ ভিউ হয়।
দর্শকদের মন্তব্যে উঠে এসেছে বিভিন্ন প্রত্যাশার কথা। কেউ আবার ‘রোকেয়া’ চরিত্রকে পর্দায় দেখতে চেয়েছেন, আবার কেউ আগ্রহ প্রকাশ করেছেন ‘শিমুল’কে ঘিরে। পাশাপাশি পঞ্চম সিজনের পর ষষ্ঠ সিজন আসবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও পরবর্তী সিজন নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি অমি।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে অভিনয় করছেন।

