বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ চুক্তি সম্পন্ন হয়।
এতে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো নির্মাণ, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সফরসূচি অনুযায়ী, বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বন্দর সক্ষমতা ও আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

