জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠেয় এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করবেন। তাঁর বক্তব্যের পর শুরু হবে মূল কর্মসূচি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করবে। এরপর প্রধান বিচারপতির বাসভবনের কাছ থেকে ডান দিকে মোড় নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করবে। সবশেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে কর্মসূচিটি শেষ হবে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জানাবেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে একযোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পোস্টার প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
রিজভী আরও জানান, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষও দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয় আয়োজন বন্ধ করে দিয়েছিল। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে এত দিন দিবসটি পালন করে এসেছে। দীর্ঘ সময় পর এবার আবারও রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হতে যাচ্ছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের আবেদন এখন আর শুধু রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের মধ্যেও দিবসটি নিয়ে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।

