যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। তার দাবি, মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা এবং আঞ্চলিক কাঠামো পুনর্গঠনের মার্কিন নীতি এখন উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সংকটের কারণ হয়ে উঠছে।
তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৬ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আলজাজিরা জানায়, তাইয়েব বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরে পরিবর্তনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি মনে করেন।
ইরানি এই কমান্ডারের মতে, বিশ্বজুড়ে নিজেদের জীবনধারা ও প্রভাব বিস্তারের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে, তা এখন নিজ দেশেই নানা বাধার মুখে পড়েছে। বিশেষ করে যুদ্ধনীতি ও সামরিক তৎপরতা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক মানুষের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও শিল্পীরা বিক্ষোভ করছেন। এসব প্রতিবাদ ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনঅসন্তোষের বহিঃপ্রকাশ।
তাইয়েব আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রতি আগ্রহ আগের তুলনায় কমে আসছে। বিদেশে সামরিক হস্তক্ষেপের জন্য বিপুল অর্থ ব্যয় করার প্রয়োজনীয়তা নিয়েও নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠছে।
তার দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে নিজেদের স্বার্থ অনুযায়ী পরিচালনার মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল দিচ্ছে না। বরং এই নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও পড়ছে। একই সঙ্গে ইসরায়েলও এর ফলে নতুন ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হোসেইন তাইয়েবের এসব বক্তব্য ইরানের একজন সামরিক কর্মকর্তার মূল্যায়ন ও দাবি।
সূত্র: আলজাজিরা

