কেশম দ্বীপে দুই ক্ষেপণাস্ত্রের আঘাত, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। তবে হামলার উৎস এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, প্রাথমিক প্রতিবেদনে কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আছড়ে পড়তে দেখেছেন। এর কিছুক্ষণ আগে ওই এলাকার আকাশে উড়োজাহাজের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন তারা।

এদিকে কেশম দ্বীপে বিস্ফোরণের খবর সামনে আসার কয়েক ঘণ্টা পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করে, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

এর আগের দিন শুক্রবার হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করেছিল ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে ওই তথ্য জানানো হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি—এমন খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ও তেহরান এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দোহা।

কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিতের দাবির ঘটনায় উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব ঘটনার প্রকৃত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

সর্বশেষ