প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে ফিরল সৌদি আরবে মারা যাওয়া প্রবাসীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ময়মনসিংহের নান্দাইলের প্রবাসী তরুণ মৃদুল হাসান সৌরভের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

- Advertisement -

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন সৌরভের বাবা সোহরাব উদ্দীন। একমাত্র ছেলের নিথর দেহ সামনে পেয়ে শোকে ভেঙে পড়েন তিনি।

মরদেহ গ্রহণের পর তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশের মাটিতে কর্মরত একজন তরুণের এমন অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের পাশে রয়েছে সরকার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃদুল হাসান সৌরভ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সোহরাব উদ্দীনের একমাত্র সন্তান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রায় ১৬ মাস আগে সৌদি আরবে যান সৌরভ।

কিন্তু পরিবারের সেই স্বপ্ন পূরণের আগেই নেমে আসে বিষাদের ছায়া। সৌদি আরবে থাকাকালে জন্ডিসে আক্রান্ত হন তিনি। পরে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাসী তরুণ।

এদিকে বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকাহত পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকের সাগরে ডুবে থাকা পরিবার এখন তার মরদেহ নিয়ে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ